
আমাদের অনেকেরই প্রতিমাসের শুরুতে প্রতিজ্ঞা থাকে—এই মাস থেকে যেভাবেই হোক কিছু টাকা জমাব। কিন্তু মাস শেষে দেখি পকেট প্রায় খালি। বড় কোনো বিলাসিতা নয়, ছোট ছোট খরচই গিলে নেয় পুরো বেতন—হুটহাট বাইরে খাওয়া, পছন্দের পোশাক কেনা কিংবা সন্তানের খেলনা। এসবেই হারিয়ে যায় সঞ্চয়ের স্বপ্ন। তবে এর সমাধান রয়েছে জাপানের শতাব্দীপ্রাচীন এক পদ্ধতিতে—‘কাকিবো’ (Kakeibo)।
‘কাকিবো’ শব্দের অর্থ ‘সংসারের হিসাবের খাতা’। এটি একধরনের আর্থিক সচেতনতার পদ্ধতি, যেখানে পরিবার বা ব্যক্তিগত সব খরচ নিয়মিত লিখে রাখা হয়—মুদি খরচ, বাজার, ওষুধ, স্কুল ফি, ইউটিলিটি বিল—সবকিছু।
এই ধারণার সূচনা করেন জাপানি সাংবাদিক হানি মোতোকো ১৯০৪ সালে। তাঁর লক্ষ্য ছিল মানুষকে শেখানো, কীভাবে সচেতনভাবে খরচের পরিকল্পনা করে সঞ্চয় করা যায়।
কাকিবো শেখায়—সঞ্চয় খরচের পর নয়, খরচের অংশ।
অর্থাৎ, “যা বাকি থাকে তা দিয়ে সঞ্চয়” নয়, বরং “সঞ্চয় বাদে যা থাকে তা দিয়ে খরচ” করতে হবে।
উদাহরণস্বরূপ, যদি আপনার আয় হয় ৩০ হাজার টাকা এবং আপনি ৩ হাজার টাকা সঞ্চয় করতে চান, তাহলে বেতন হাতে পেয়েই ৩ হাজার টাকা আলাদা রাখুন। এরপর ২৭ হাজার টাকা নিয়েই পুরো মাসের বাজেট পরিকল্পনা করুন।
প্রথমে লিখুন মাসিক মোট আয়। এরপর নির্দিষ্ট ব্যয়গুলোর তালিকা করুন—বাড়িভাড়া, বাজার, বিল, স্কুল ফি ইত্যাদি।
প্রতিমাসে কত টাকা সঞ্চয় করবেন তা নির্ধারণ করুন এবং শুরুতেই কেটে রাখুন।
খরচ ফোনে নয়, খাতায় হাতে লিখুন। যেমন:
২ আগস্ট – কফি ২০০ টাকা, বিদ্যুৎ বিল ৮০০ টাকা, বাজার ১,৫০০ টাকা।
এভাবে লিখে রাখলে টাকার মূল্য সম্পর্কে সচেতনতা তৈরি হবে—এটাই কাকিবোর আসল জাদু।
আবশ্যিক খরচ: খাবার, ভাড়া, বিল, পরিবহন
ইচ্ছানির্ভর খরচ: পোশাক, রেস্তোরাঁ, বিনোদন
আত্মোন্নয়নে বিনিয়োগ: বই, কোর্স, সিনেমা
অতিরিক্ত বা জরুরি খরচ: চিকিৎসা, উপহার, উৎসব
মাস শেষে হিসাব মিলান—লক্ষ্য অনুযায়ী সঞ্চয় হলো কি না, কোথায় অপ্রয়োজনীয় খরচ হলো, পরের মাসে কীভাবে তা কমানো যায়।
কাকিবো শুধু আর্থিক কৌশল নয়, এটি একধরনের মানসিক অনুশীলন। এটি শেখায় টাকার ওপর নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলতে।
আপনি চাইলে এতে যোগ করতে পারেন দুটি অতিরিক্ত কৌশল—
পারেতো নীতি (80/20 Rule): মোট খরচের ৮০% কোন ২০% জায়গা থেকে আসছে তা চিহ্নিত করুন, তারপর সেখান থেকে কাটছাঁট শুরু করুন।
‘মুদা’ নীতি: জাপানি এই ধারণা অনুযায়ী অপ্রয়োজনীয় ব্যয় বাদ দিন—যেমন অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, অতিরিক্ত চা-কফি ইত্যাদি।
এক শতাব্দী আগেই হানি মোতোকো দেখিয়েছিলেন, সঞ্চয়ের শুরু হয় হিসাব রাখা ও সচেতনতা থেকে।
আজও কাকিবো মনে করিয়ে দেয়—
“হিসাব রাখুন, সচেতন থাকুন, সঞ্চয় করুন।”